রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যকে একা পেয়ে লাঠিসোঁটা দিয়ে পিটিয়েছেন কয়েকজন আন্দোলনকারী। গুরুতর আহত ওই পুলিশ সদস্যের নাম সায়মন। তিনি বর্তমানে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার (৩ নভেম্বর) মিরপুর-১১ নম্বর মেট্রোস্টেশন থেকে প্রায় ২০০ মিটার দূরে কালশী সড়কে একটি সুপারশপের সামনে এ ঘটনা ঘটে। হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কয়েকজনকে ওই পুলিশ সদস্যকে লাঠি দিয়ে পেটাতে ও লাথি মারতে দেখা যায়। এ সময় কয়েকজন হামলাকারীদের থামানোরও চেষ্টা করেন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে মঙ্গলবার সকালেও মিরপুর-১১ ও পল্লবী এলাকায় সড়কে নামেন পোশাকশ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। শ্রমিকদের ইট-পাটকেল নিক্ষেপের জবাবে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়ে।
সকাল সাড়ে ৯টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। দুপুরের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।