গাজীপুরে পুলিশের গুলিতে ১০ বছর বয়সী স্কুলশিক্ষার্থী নুরুজ্জামান সামি আহত হয়েছে—এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি ছড়িয়েছে আওয়ামী লীগ সমর্থিত বিভিন্ন ফেসবুক পেজ। তবে শিক্ষার্থীর বাবা জানিয়েছেন, গুলিতে নয়, ইটের টুকরার আঘাতে আহত হয়েছে তার ছেলে।
সামির বাবা ইউসুফ রানা জানান, ছুটির পর স্কুল থেকে বের হওয়ার সময় পেছন থেকে ছোড়া একটি ইটের টুকরা ছেলের কানের পাশে লাগে। পরে হাসপাতালে নেয়া হলে মাথায় তিনটি সেলাই দেয়া হয়। সিটি স্ক্যান ও এক্স-রে করার পর চিকিৎসকরা তাকে শঙ্কামুক্ত জানান। বর্তমানে সে বাসায় বিশ্রামে আছে।
সোমবার (২ নভেম্বর) থেকে আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজসহ দলটির সমর্থিত বিভিন্ন পেজ ও গ্রুপে সামি পুলিশের গুলিতে আহত হয়েছে বলে দাবি করা হয়। একই দাবি করেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনও।
তবে সামির বাবা স্পষ্ট জানিয়েছেন, তার ছেলে গুলিবিদ্ধ হয়নি; ইটের আঘাতেই আহত হয়েছে।
উল্লেখ্য, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রোববার থেকে গাজীপুরসহ বিভিন্ন স্থানে পোশাকশ্রমিকদের আন্দোলন চলছে। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।