প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত ও নিরাপদ বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার। পরিকল্পিত নগরায়ণের লক্ষ্যে দেশের সব জেলায় মাস্টারপ্ল্যান তৈরির কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।
সোমবার (৫ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, জনবহুল বাংলাদেশে সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিত করা সহজ নয়। শহরাঞ্চলে স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি মানুষ বসবাস করায় নিরাপদ আবাসন ও পরিকল্পিত নগর গড়ে তোলা জরুরি।
প্রধানমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য শুধু নির্দিষ্ট কোনো এলাকার উন্নয়ন নয়; বরং বিকেন্দ্রীকরণের মাধ্যমে দেশের সব অঞ্চলে উন্নয়নের সুফল পৌঁছে দেয়া। শহরের ওপর চাপ কমাতেও সরকার সমন্বিত পরিকল্পনা নিয়েছে।
সবার জন্য বাসস্থান নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। পাশাপাশি ব্লকভিত্তিক আবাসন, খেলার মাঠ এবং নির্ধারিত জোনে শিল্পাঞ্চল গড়ে তুলতে উৎসাহ দেয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।
এবারের বিশ্ব বসতি দিবসের প্রতিপাদ্য ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে অংশ নেন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।