ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়েছেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. ওবায়দুল্লাহ মাসুদ। ফলে এ আসনে বিএনপির একক প্রার্থী হিসেবে মির্জা ফয়সল আমিনের মনোনয়ন পাওয়ার পথ পরিষ্কার হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক মামুনুর রশিদ। তিনি জানান, দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন ওবায়দুল্লাহ মাসুদ।
গত ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফয়সল আমিন ও ওবায়দুল্লাহ মাসুদসহ ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এরপর বিএনপির চূড়ান্ত প্রার্থী কে হচ্ছেন, তা নিয়ে আলোচনা চলছিল।
ওবায়দুল্লাহ মাসুদ তখন জানিয়েছিলেন, কেন্দ্রের নির্দেশেই তারা দুজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রতীক বরাদ্দের আগে দল চূড়ান্ত প্রার্থীর নাম নির্বাচন কমিশনে পাঠাবে এবং অন্য প্রার্থী সরে দাঁড়াবেন।
তার প্রার্থিতা প্রত্যাহারের ফলে মির্জা ফয়সল আমিনের ‘ধানের শীষ’ প্রতীক পাওয়ার বিষয়টি কার্যত নিশ্চিত হয়েছে। এখন নির্বাচন কমিশনে চূড়ান্ত প্রার্থীর নাম পাঠানো ও আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দের প্রক্রিয়া বাকি।
ঠাকুরগাঁও প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।