সমাজে ইতিবাচক পরিবর্তন ও বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ১০ তরুণ-তরুণীকে সম্মানিত করেছে জেসিআই বাংলাদেশ। শনিবার (১৭ অক্টোবর) ঢাকার র্যাডিসন ব্লু হোটেলে ‘টেন আউটস্ট্যান্ডিং ইয়াং পারসনস (টিওওয়াইপি) বাংলাদেশ ২০২৬’ গালা অনুষ্ঠানে তাঁদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদমন্ত্রী ও সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি। অনুষ্ঠানে জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট আরেফিন রাফি আহমেদ অতিথি ও পুরস্কারপ্রাপ্তদের স্বাগত জানান।

এ বছর পুরস্কার পেয়েছেন ডা. সুনসিলা জাবরিন প্রিয়াঙ্কা, মোহাম্মদ মহসিন, সামানজার সাঈদ, আমিদ সাকিফ খান, লিসা সাহা, কাজী আশিকুর রাসুল, মোহাম্মদ জহিরুল ইসলাম, আফেইদা খন্দকার, মো. রাসেল বিন আহাদ ও আফসান আরা বিন্দু।
মানবিক ও নৈতিক নেতৃত্ব, সংস্কৃতি, ব্যবসা, শিক্ষা, উদ্যোক্তা কার্যক্রম, স্বেচ্ছাসেবা, খেলাধুলা, অর্থনৈতিক উন্নয়ন ও ব্যক্তিগত সাফল্যে অবদানের স্বীকৃতি হিসেবে তাঁদের এ পুরস্কার দেয়া হয়।
বায়োবিল্ড ডেভেলপমেন্ট লিমিটেডের প্রেজেন্টিং স্পনসরশিপ ও রিদমের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে জেসিআই বাংলাদেশের সদস্য এবং বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। তরুণদের নেতৃত্ব বিকাশ ও সমাজে ইতিবাচক পরিবর্তনে উৎসাহিত করাই এ আয়োজনের লক্ষ্য।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।