বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের নতুন পাসপোর্ট ও নবায়নের আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা আবেদনগুলো ৬০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদেশ দেয়া হয়েছে।

রোববার বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
প্রবাসীদের পাসপোর্ট সংক্রান্ত আবেদন দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন থাকার অভিযোগে জনস্বার্থে দায়ের করা এক রিটের শুনানি শেষে আদালত এ নির্দেশনা দেন।
আইনজীবী মনজিল মোরসেদ জানান আদালত ৬০ দিনের মধ্যে সব পেন্ডিং আবেদন নিষ্পত্তির নির্দেশ দেয়ার পাশাপাশি ৯০ দিনের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলেছেন।
এছাড়া পাসপোর্ট আবেদন দ্রুত নিষ্পত্তিতে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে চার সপ্তাহের রুল জারি করা হয়েছে।
আদালত আরও নির্দেশ দিয়েছেন ২১ দিনের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় দেশের বিভিন্ন হাইকমিশন ও দূতাবাসকে প্রয়োজনীয় চিঠি পাঠাবে। নতুন পাসপোর্ট ও নবায়নের আবেদন দ্রুত পাসপোর্ট অধিদপ্তরে পাঠানো নিশ্চিত করতে বলা হয়েছে। এ বিষয়ে ৩০ দিনের মধ্যে অগ্রগতি প্রতিবেদনও আদালতে জমা দিতে হবে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।