দেশব্যাপী সতর্কতা জারির কারণ হিসেবে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর তৎপরতার কথা উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন আগস্ট মাসজুড়ে তাদের বিভিন্ন কার্যক্রমের তথ্য পাওয়ায় সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।

রোববার (০২ আগস্ট) রাজশাহীর সারদায় বিসিএস পুলিশ প্রশাসনের ২৭তম ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান মতিঝিল ও আশুলিয়ায় বোমা উদ্ধারের ঘটনায় পৃথক তদন্ত চলছে। এছাড়া মিরপুর-১০ মেট্রো স্টেশনে পাওয়া একটি পরিত্যক্ত ব্যাগও নিরাপত্তার স্বার্থে পরীক্ষা করা হয়েছিল। পরে সেখানে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।
তিনি বলেন কোথাও সন্দেহজনক বস্তু বা পরিত্যক্ত ব্যাগ দেখা গেলে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নেয়। নাশকতার কোনো পরিকল্পনা আছে কি না সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হচ্ছে।
সালাহউদ্দিন আহমদ আরও জানান সাম্প্রতিক মাসগুলোর অপরাধ পরিসংখ্যান পর্যালোচনায় দেখা গেছে বোমা রেখে যাওয়ার মতো ঘটনার সংখ্যা তুলনামূলকভাবে কম। তবে সম্ভাব্য যেকোনো ঝুঁকি মোকাবিলায় পুলিশ ও বোম ডিসপোজাল ইউনিট ২৪ ঘণ্টা প্রস্তুত রয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।