
ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করে ‘ডার্টি বোমা’ বা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান। মার্কিন গোয়েন্দা তথ্যের বরাতে এমন আশঙ্কার কথা জানিয়েছে দেশটির কর্মকর্তারা। তবে ইরান সত্যিই এ ধরনের হামলা চালানোর সক্ষমতা রাখে কি না কিংবা হামলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কি না, তা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে।
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত সাত মার্কিন কর্মকর্তার বরাতে জানা গেছে, সম্ভাব্য হামলার বিভিন্ন বিকল্প প্রস্তুত রাখছে তেহরান। তবে হামলা আসন্ন, এমন কোনো ইঙ্গিত এখনো পাওয়া যায়নি। এ পরিস্থিতিতে গত এক সপ্তাহে সম্ভাব্য হুমকি মোকাবিলায় একাধিক বৈঠক করেছেন মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা।
হোয়াইট হাউস জানিয়েছে, সম্ভাব্য সব ধরনের হুমকির ওপর নজর রাখা হচ্ছে। তবে দেশের অভ্যন্তরে এই মুহূর্তে কোনো বিশ্বাসযোগ্য হুমকি নেই। নিরাপত্তা উদ্বেগের কারণে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টকেও সামরিক বাহিনীর আবাসন এলাকায় সরিয়ে নেয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে ইরান এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তবে গোয়েন্দা তথ্যে উঠে আসা সম্ভাব্য ডার্টি বোমা হামলার পরিকল্পনা নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি তেহরান।
আশিক/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।