
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে স্থগিত হওয়া মজুরি বোর্ডের তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। সভায় নতুন বেতন কাঠামো নিয়ে মালিকপক্ষের প্রস্তাব উপস্থাপনের কথা রয়েছে।
এর আগে সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় শ্রম অধিদপ্তরে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বোর্ডের একজন সদস্য অসুস্থ হয়ে পড়ায় অনিবার্য কারণ দেখিয়ে সভা স্থগিত করা হয়। পরে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা দ্রুত নতুন তারিখ নির্ধারণের দাবি জানান।
এর আগে ৯ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দেয়। ওই সভায় মালিকপক্ষ প্রস্তাব দিতে না পারায় তাদের চার কার্যদিবস সময় দেয়া হয়েছিল।
বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেয়া হয়।
সর্বশেষ ২০২৩ সালের নভেম্বরে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়। যা ওই বছরের ডিসেম্বর থেকে কার্যকর হয়। সে হিসাবে চলতি নভেম্বরে বর্তমান মজুরি কাঠামোর মেয়াদ শেষ হচ্ছে।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।