বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ভারত বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত করছে এবং পানির ন্যায্য পাওনা নিয়ে কখনোই সুষ্ঠু বিধিব্যবস্থা করেনি।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি আয়োজিত এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ফারাক্কা বাঁধ নিয়ে ব্রিটিশ আমল থেকেই লড়াই চলছে। তিনি দাবি করেন, যারা দিল্লির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতেন, তাদের আওয়ামী লীগকেও পানির বিষয়ে ভারত কোনো ছাড় দেয়নি।
বিএনপি নেতা বলেন, পানির ন্যায্য হিস্যার লড়াই এখনও থামেনি। এ কান্না শুধু বাংলাদেশের নয়, পশ্চিমবঙ্গেরও। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া পানির ন্যায্য হিস্যার দাবি জাতিসংঘে নিয়ে গিয়েছিলেন। ৫৫-৫৬ বছর আলোচনা হলেও ভারতের টনক নড়েনি; তাই আন্দোলন আরও জোরদার করতে হবে।
ভারতের সঙ্গে করা প্রতিটি চুক্তিতে প্রতারণা রয়েছে দাবি করে রিজভী বলেন, জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নদীর পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে হবে। কলকাতা বন্দরকে সচল রাখার জন্য পানির প্রাকৃতিক প্রবাহে বাধা দিলে নদী বিপন্ন হবে বলেও তিনি মন্তব্য করেন।
মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে প্রেরণার জায়গা উল্লেখ করে রিজভী বলেন, মওলানা ভাসানী কবি ইকবালকে উদ্ধৃত করে বলেছিলেন, যে ক্ষেতের ফসল থেকে কৃষক কিছু পায় না, সে ক্ষেত পুড়িয়ে দাও।
আশিক/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।