বন্দি প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতেই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে চায় সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে তাঁকে অপরাধী হিসেবেই দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। বাংলাদেশের একটি আদালত শেখ হাসিনাকে এ মামলায় মৃত্যুদণ্ড দিয়েছেন।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, সাজাপ্রাপ্ত আসামি ফেরত আনার বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান চুক্তির ভিত্তিতে ঢাকা একাধিকবার যোগাযোগ করেছে। বাংলাদেশ চায়, চুক্তি অনুসরণ করেই ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে।
বিবিসি বাংলার সাম্প্রতিক প্রতিবেদনে ভারতীয় কর্মকর্তাদের বরাতে হাসিনার প্রত্যর্পণ নিয়ে দুটি শর্তের কথা বলা হয়েছে। এ প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, ভারত আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দিলে বাংলাদেশ তা বিবেচনা করবে। তিনি আরও বলেন, প্রতিবেদনে উল্লেখ করা দুটি শর্ত দেখার সময় তাঁর হয়নি।
শেখ হাসিনার চেয়ে বাংলাদেশ-ভারত সম্পর্কের পরিসর অনেক বড় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এ সম্পর্ক মুক্তিযুদ্ধের আগেই ছিল।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, লগি-বৈঠা ও রামদার আওয়ামী লীগ একই। তাঁর অভিযোগ, তারা আগেও সন্ত্রাস করেছে, এখনো করছে।
আশিক/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।