মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সর্বমোট খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এই খরচের বাইরে কেউ অতিরিক্ত অর্থ আদায় করলে বা কোনো অনিয়ম করলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের বৈঠকে সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
প্রশ্নোত্তর পর্বে আতিকুর রহমান মুজাহিদ বলেন, বর্তমানে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সাত থেকে আট লাখ টাকা পর্যন্ত খরচ হচ্ছে বলে অভিযোগ আছে। এ সমস্যার সমাধান কবে হবে এবং কবে স্বাস্থ্য পরীক্ষা শুরু করে কর্মী পাঠানো যাবে, তা মানুষ জানতে চায়। নির্ধারিত ১ লাখ ৫৪ হাজার টাকায় কর্মীরা যেতে পারবেন কি না, তা তদারকির জন্য আলাদা সংসদীয় কমিটি গঠন করা যায় কি না, সেটিও তিনি মন্ত্রীর কাছে জানতে চান।
জবাবে মন্ত্রী বলেন, আগামীকাল সোমবার মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য স্বাস্থ্য পরীক্ষার কেন্দ্রগুলোর তালিকা প্রকাশ করা হবে। আগামী সপ্তাহের শেষ নাগাদ কর্মী পাঠানোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিদেশে কর্মী পাঠানোয় বিভিন্ন অনিয়ম ও প্রতারণার অভিযোগে সম্প্রতি ৫৬টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করেছে সরকার। রানু জানতে চেয়েছিলেন, আওয়ামী লীগ সরকারের আমলে অনিয়মকারী রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছিল কি না। মন্ত্রী বলেন, চাকরি না পাওয়া, ইকামা না পাওয়া, চুক্তি অনুযায়ী বেতন না পাওয়া এবং বিদেশে চাকরির নামে প্রতারণাসহ নানা বিষয়ে কর্মী বা তাঁদের অভিভাবকদের অভিযোগ তদন্ত করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইন, ২০১৩ অনুযায়ী এজেন্সিগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে।
আশিক/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।