মধ্যপ্রাচ্যে অপরিশোধিত জ্বালানি তেলের উৎপাদন বাড়ায় আন্তর্জাতিক বাজারে দাম কমতে শুরু করেছে। সরবরাহ বৃদ্ধির প্রভাবে বৃহস্পতিবার (১২ নভেম্বর) তেলের দাম গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার পথে রয়েছে।
বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৫৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯১ দশমিক ২২ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম কমেছে ১ দশমিক ৫ শতাংশ। প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে ৮৫ দশমিক ২৬ ডলার। এর আগের দিন ব্রেন্টের দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়েছিল।
বিশ্বের অন্যতম বৃহৎ তেল রপ্তানিকারক সৌদি আরবের উৎপাদন বৃদ্ধিও বাজারে সরবরাহ বাড়িয়েছে। সৌদি আরব ওপেককে জানিয়েছে, অক্টোবরে দেশটির তেল উৎপাদন আগের মাসের তুলনায় ২৬ শতাংশ বেড়েছে। একই সময়ে ইরাকও যুদ্ধকালীন সর্বোচ্চ উৎপাদনের রেকর্ড করেছে।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি যুদ্ধ শুরুর আগের পর্যায়ের কাছাকাছি পৌঁছেছে। হরমুজ প্রণালি এড়িয়ে সৌদি আরব ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের মাধ্যমে লোহিত সাগর দিয়ে তেল পরিবহন করছে। পাশাপাশি জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তরের মাধ্যমেও রপ্তানি বাড়ানো হচ্ছে। তবে ট্যাংকারে ইরানের হামলা অব্যাহত রয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কিছুটা কমলেও কূটনৈতিক অগ্রগতি সামান্য। ইরানের পরমাণু কর্মসূচি, জব্দ করা সম্পদ ও যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ নিয়ে দুই দেশের মধ্যে মতপার্থক্য রয়েছে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি জানিয়েছেন, সমৃদ্ধ ইউরেনিয়ামসহ কোনো পারমাণবিক উপাদান ইরান থেকে সরানো হবে না। অন্যদিকে, ওয়াশিংটন আলোচনার অন্যতম শর্ত হিসেবে এসব উপাদান সরানোর বিষয়টি তুলে ধরেছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।