নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মসূচি ঘিরে সম্ভাব্য নাশকতা ও সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে রাতভর পাহারা ও বিক্ষোভ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ছাত্রদল, ছাত্রশিবির ও ছাত্রশক্তির নেতাকর্মীরা নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সতর্ক অবস্থান নেন।
সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত জিইসি মোড়, প্রবর্তক, দুই নম্বর গেট ও দেওয়ানহাটসহ বিভিন্ন এলাকায় লাঠি হাতে পাহারা দিতে দেখা যায় তাঁদের। নগরের বিভিন্ন সড়কে মোটরসাইকেল শোডাউনও করেন ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও মোটরসাইকেল মহড়া দেয় শিবির।
মঙ্গলবার সকালে চট্টগ্রাম মহানগর জামায়াতের যুব বিভাগের উদ্যোগে মোটরসাইকেল র্যালি বের করা হয়। বহদ্দরহাট থেকে শুরু হয়ে র্যালিটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। শতাধিক মোটরসাইকেলের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন যুব বিভাগের মহানগর সভাপতি মুহাম্মদ শামসুজ্জামান হেলালী। তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তা বিঘ্নিত করা গ্রহণযোগ্য নয়।
এদিকে সম্ভাব্য সহিংসতা ঠেকাতে নগরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ ও এপিবিএন সদস্য মোতায়েন করা হয়েছে। বহদ্দরহাট, জিইসি, টাইগারপাস, নিউ মার্কেট, চকবাজার, লালখান বাজার, অলংকার ও একে খানসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এর আগে সোমবার মধ্যরাতে কালুরঘাট এলাকায় একটি বাসে আগুন এবং নিউ মার্কেট এলাকায় ককটেল বিস্ফোরণের অভিযোগ পাওয়া যায়। এসব ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ালেও হতাহতের খবর পাওয়া যায়নি।
চট্টগ্রাম মহানগর পুলিশের জনসংযোগ শাখার সহকারী কমিশনার আমিনুর রশিদ জানান, রাত থেকে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।