পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ঈমান আক্বিদা রক্ষা কমিটি ও হেফাজতে ইসলাম জেলা কমিটি।
সোমবার (৯ নভেম্বর) সকালে পঞ্চগড় প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ঈমান আক্বিদা রক্ষা কমিটির সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী মো. আব্দুল্লাহ, সহসভাপতি সাইফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু শাহীন, প্রচার সম্পাদক হাফেজ মীর মোর্শেদ তুহিনসহ কমিটির সদস্যরা।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, তাঁরা কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নন; বরং ঈমান ও আক্বিদা রক্ষায় কাজ করছেন। তাঁদের অভিযোগ, তাবলিগের নামে সাদপন্থীরা ভুল আক্বিদা প্রচার করছেন এবং তাঁদের বিভিন্ন বক্তব্য ঈমানবিরোধী।
বক্তারা আরও অভিযোগ করেন, ২০১৮ ও ২০২৪ সালে টঙ্গীর ইজতেমা মাঠে সাদপন্থীরা হামলা চালিয়ে বহু আলেম ও মুসল্লিকে হতাহত করেছেন এবং ক্ষয়ক্ষতি করেছেন। এসব কর্মকাণ্ড থেকে সাধারণ মুসলমানদের ঈমান রক্ষার কথা উল্লেখ করে তাঁরা সাদপন্থীদের ইজতেমা বন্ধে সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী, জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) কাছে অনুরোধ জানিয়েছেন।
তাঁরা বলেন, দাবি উপেক্ষা করে প্রশাসন ইজতেমার অনুমতি দিলে এবং এর ফলে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে তার দায় প্রশাসনকে নিতে হবে।
সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, হেফাজতে ইসলাম ও ঈমান আক্বিদা রক্ষা কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সুরুজ আলী, পঞ্চগড় প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।