রক্ষণাবেক্ষণ কাজ শেষে কক্সবাজারের মহেশখালীতে সামিটের ভাসমান এলএনজি টার্মিনাল থেকে আবারও গ্যাস সরবরাহ শুরু হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দুপুর ১টা থেকে টার্মিনালটির পুনঃগ্যাসীকরণ কার্যক্রম চালু হয়। এতে দুটি টার্মিনাল থেকেই জাতীয় গ্যাস গ্রিডে আগের মতো এলএনজি সরবরাহ হচ্ছে।
পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, শনিবার দুপুর ২টায় দেশে মোট গ্যাস সরবরাহ ছিল ২ হাজার ৪০৮ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে দেশীয় গ্যাসক্ষেত্র থেকে ১ হাজার ৫৮৪ মিলিয়ন এবং এলএনজি থেকে ৮২৪ মিলিয়ন ঘনফুট সরবরাহ করা হয়।
এর আগে রক্ষণাবেক্ষণের জন্য ৪ নভেম্বর সামিটের টার্মিনালটি বন্ধ করা হলে এলএনজি সরবরাহ কমে যায়। ওই দিন সকাল ৮টায় এলএনজি সরবরাহ ছিল ৯৭৪ মিলিয়ন ঘনফুট। সকাল ১০টায় তা কমে দাঁড়ায় ৫১৪ মিলিয়ন ঘনফুটে। ফলে দুই ঘণ্টায় মোট গ্যাস সরবরাহ কমে যায় ৪৬১ মিলিয়ন ঘনফুট।
রক্ষণাবেক্ষণ চলাকালে সারা দেশে গ্যাসের স্বল্পচাপের আশঙ্কার কথা জানিয়েছিল পেট্রোবাংলা। টার্মিনালটি চালু হওয়ায় সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।