সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রসহ বৃষ্টি, আকস্মিক বন্যা ও শিলাবৃষ্টির সতর্কতা জারি করেছে দেশটির ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (এনসিএম)। আগামী শনিবার পর্যন্ত এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।
এনসিএম জানিয়েছে, জাজান, আসির, আল বাহা ও মক্কায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। মদিনা, তাবুক, আল জউফ, হাইল, নাজরান, রিয়াদের দক্ষিণাঞ্চল এবং পূর্বাঞ্চলীয় প্রদেশেও বৃষ্টি হতে পারে।
মক্কা, তায়েফ, আল জুমুম, বাহরা, মাইসান, আধাম ও আল আরদিয়াত এলাকায় শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে। অন্যদিকে, জেদ্দা, রাবিঘ ও খুলাইসে বৃহস্পতিবার পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে।
সংস্থাটি সতর্ক করেছে, বজ্রসহ বৃষ্টির সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে। এতে ধূলিঝড়, দৃশ্যমানতা কমে যাওয়া, আকস্মিক বন্যা ও শিলাবৃষ্টির ঝুঁকি রয়েছে। অতি ভারী বৃষ্টিপাতের এলাকায় টর্নেডো বা জলস্তম্ভ সৃষ্টির আশঙ্কাও রয়েছে।
এনসিএম স্থানীয় বাসিন্দা ও গাড়িচালকদের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি ও সতর্কতা নিয়মিত অনুসরণের আহ্বান জানিয়েছে। এজন্য সংস্থাটির ওয়েবসাইট, ‘আনওয়া’ অ্যাপ ও যাচাইকৃত সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য অনুসরণ করতে বলা হয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।