| আন্তর্জাতিক ডেস্ক, দ্যা মিরর নিউজ |
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হারাতে যাচ্ছে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি। সিবিএস নিউজের পূর্বাভাস অনুযায়ী, ৪৩৫ আসনের প্রতিনিধি পরিষদে অন্তত ২১৮টি আসন পেতে যাচ্ছে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি। চার বছর পর আবারও পরিষদের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পথে দলটি।
তবে সিনেটের নিয়ন্ত্রণ এখনো অনিশ্চিত। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, নর্থ ক্যারোলাইনা ও সাউথ ক্যারোলাইনায় গুরুত্বপূর্ণ দুটি আসনে জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। নর্থ ক্যারোলাইনায় রয় কুপার এবং সাউথ ক্যারোলাইনায় অ্যানি অ্যান্ড্রুজ জয়ী হয়েছেন।
এবারের নির্বাচনকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা ও নীতির প্রতি ভোটারদের সমর্থন যাচাইয়ের গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। অর্থনীতি, জীবনযাত্রার ব্যয়, জ্বালানির দাম ও ইরান যুদ্ধ নির্বাচনে প্রভাব ফেলেছে। বুথফেরত জরিপে প্রায় অর্ধেক ভোটার জানিয়েছেন, ট্রাম্পের প্রতি অসন্তোষ প্রকাশ করতেই তাঁরা ভোট দিয়েছেন।
প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেলে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের ওপর নজরদারি ও তদন্তের সুযোগ পাবে ডেমোক্র্যাটরা। অন্যদিকে সিনেটের নিয়ন্ত্রণ পেলে বিচারকসহ গুরুত্বপূর্ণ সরকারি পদে প্রেসিডেন্টের মনোনয়ন অনুমোদনের ক্ষেত্রেও প্রভাব বিস্তার করতে পারবে দলটি।
বিশ্লেষকদের মতে, প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের সম্ভাব্য জয় ট্রাম্পের বাকি মেয়াদে হোয়াইট হাউস ও কংগ্রেসের মধ্যে রাজনৈতিক বিরোধ বাড়াতে পারে। একই সঙ্গে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।
সূত্র: বিবিসি, রয়টার্স ও সিবিএস নিউজ
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।