প্রধানমন্ত্রী তারেক রহমানের দেয়া ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে মন্তব্যের পর দায়িত্ব হারিয়েছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। তবে প্রজ্ঞাপনে তাকে দায়িত্ব থেকে সরানোর কারণ উল্লেখ করা হয়নি।
এর আগে ১ নভেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘এক রুট, এক কোম্পানি’ উদ্যোগের আওতায় ছয়টি রুটে পরীক্ষামূলক বাস চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মসিউর রহমান।
এ সময় প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ উল্লেখ করে তিনি বলেন, ‘এটিকে আমি হাদিস বললে অনেকে হয়তো মনে করবেন, পরবর্তী পোস্টিংয়ের জন্য তাকে তেল মারছি। কিন্তু আমি বলবো, এটি একটি শাশ্বত বাণী।’
তিনি আরও বলেন, ‘যাদের মধ্যে দেশপ্রেম নাই, তারা এটা অস্বীকার করতে পারেন। হুজুররা এই স্লোগান দিলে এতদিনে হাদিস হয়ে যেত।’
একপর্যায়ে প্রধানমন্ত্রীর দাড়ি ও টুপি না থাকার প্রসঙ্গ টেনেও মন্তব্য করেন তিনি। তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনা শুরু হয়।
এদিকে, ডিটিসিএর নতুন নির্বাহী পরিচালক হিসেবে অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসানকে নিয়োগ দেয়া হয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।