হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাংলাদেশি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজের নিরাপদ পারাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছে ইরান। আগাম সমন্বয়ের ভিত্তিতে এ সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত জালিল রাহিমি।
মঙ্গলবার (৪ নভেম্বর) ঢাকায় ইরান দূতাবাসে সংবাদ সম্মেলনে তিনি এ আশ্বাস দেন। রাষ্ট্রদূত বলেন, হরমুজ প্রণালিতে হামলার সঙ্গে ইরানের কোনো সম্পর্ক নেই। তবে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের নিদর্শন হিসেবে জাহাজ চলাচলে সহযোগিতা করা হবে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সমঝোতার সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, ইরানের কাছে সমঝোতার অর্থ আত্মসমর্পণ। দেশটি কোনো যুদ্ধ চায় না, তবে হামলা হলে পূর্ণ শক্তিতে প্রতিহত করতে প্রস্তুত।
রাষ্ট্রদূত আরও বলেন, মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর সঙ্গে ইরানের বিরোধ নেই। সেসব দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি থেকে ইরানের ওপর হামলা না হলে দেশগুলোর বিরুদ্ধে কোনো আক্রমণ চালাবে না তেহরান। আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে পশ্চিমা হস্তক্ষেপ ছাড়া ‘মক্কা চুক্তি’ গঠনের প্রস্তাবও দেন তিনি।
ইরান ইস্যুতে বাংলাদেশের সরকার ও জনগণের অবস্থানে সন্তোষ প্রকাশ করে জালিল রাহিমি বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দল পরাজিত হলেও ইরানবিষয়ক মার্কিন নীতিতে পরিবর্তন আসবে না বলে মনে করেন তিনি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।