বাংলাদেশ ও পাকিস্তান থেকে ভারতে যাওয়া সংখ্যালঘুদের নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়া দ্রুত শেষ করতে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
শুক্রবার (৬ নভেম্বর) নদিয়ার আরংঘাটায় একটি কালীপূজার মণ্ডপ উদ্বোধন অনুষ্ঠানে তিনি জানান, সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) অনুযায়ী যোগ্য আবেদনকারীদের আবেদন নিষ্পত্তি করে নাগরিকত্বের সনদ দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তার সরকার।
শুভেন্দুর দাবি, নদিয়া ও উত্তর ২৪ পরগনা জেলায় প্রায় আড়াই লাখ আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নথি যাচাই ও শুনানি শেষ করতে প্রশাসনিক পদক্ষেপ নেয়া হয়েছে।
তিনি জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশিকা অনুযায়ী সংশ্লিষ্ট জেলার জেলাশাসকদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। মহকুমাশাসকদের তত্ত্বাবধানে আবেদনকারীদের নথি যাচাই ও শুনানি হবে।
এর আগে ১ নভেম্বর উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে দ্বিতীয় আন্তর্জাতিক মতুয়া গোঁসাই সম্মেলনেও একই সময়সীমার কথা জানিয়েছিলেন তিনি। সে সময় তার দাবি ছিল, রাজ্যে ইতোমধ্যে প্রায় ২৫ হাজার মানুষ সিএএর মাধ্যমে নাগরিকত্ব পেয়েছেন।
তবে আবেদন করলেই নাগরিকত্ব নিশ্চিত হবে না। সিএএর নির্ধারিত শর্ত পূরণ ও প্রয়োজনীয় নথি যাচাইয়ের পরই যোগ্য আবেদনকারীরা নাগরিকত্বের সনদ পাবেন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।