শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বর্তমান নেতা তারেক রহমান—তিন প্রজন্মই ঐক্যের রাজনীতিকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে পঞ্চগড় সরকারি অডিটরিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ৭ নভেম্বরের প্রেক্ষাপটে রাজনৈতিক বিভাজন ও নেতৃত্বের সংকট কাটিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তির মধ্য দিয়ে বাংলাদেশ শক্তিশালী নেতৃত্বের পথে এগিয়ে যায়। আগামী দিনে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হবে।
পঞ্চগড়ের উন্নয়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, আগামী প্রজন্মের জন্য সুন্দর পঞ্চগড় গড়ে তুলতে সবাইকে ভেদাভেদ ভুলে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিনের সভাপতিত্বে সভায় জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুসহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সুরুজ আলী, পঞ্চগড় প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।