জয়পুরহাট-হিলি আঞ্চলিক সড়কে বাসের চাপায় আশিক (১৭) নামে এক কিশোর মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই আরোহী। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দিলে সেটি পুড়ে যায়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) পুরানাপৈল থেকে জয়পুরহাট শহরে যাওয়ার পথে কাশিয়াবাড়ী বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশিক সদর উপজেলার হাতিগাড়া গ্রামের এমরানের ছেলে। আহতরা হলেন একই গ্রামের নাঈম (২২) এবং জয়পুরহাট শহরের বিশ্বাসপাড়া এলাকার কাউছার (১৬)।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনজন একটি মোটরসাইকেলে করে শহরের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই আশিকের মৃত্যু হয়। আহত হন অপর দুই আরোহী।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
জয়পুরহাট সদর থানার ওসি জানান, বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আবাবিল হাকিম, জয়পুরহাট জেলা প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।