লংমার্চ বা ফাঁকা সিলিন্ডার দেখিয়ে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, লংমার্চে সমস্যার সমাধান সম্ভব হলে সরকারই সবচেয়ে বড় লংমার্চের আয়োজন করত। জনগণ সরকারকে পাঁচ বছর সময় দিয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর বসুন্ধরায় ১৪তম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
বিরোধীদের হুমকি-ধমকি বা আন্দোলনের পথে না গিয়ে সংসদে এসে পরামর্শ দেয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী। গবেষকদের যথাযথ মূল্যায়ন হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, তাঁদের বেতন-ভাতা বাড়ানোর বিষয়টি সরকার বিবেচনা করছে।
দেশের গ্যাস সংকট প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, গত ২০ বছরে নতুন গ্যাসকূপ খনন না করার কারণ খতিয়ে দেখা প্রয়োজন। ভোলা থেকে পাইপলাইনে গ্যাস সরবরাহের কাজ চলছে। পাশাপাশি নতুন করে ৫২টি গ্যাসকূপ খননের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, কৃষি উৎপাদন বাড়াতে সরকার কাজ করছে। সার খাতে বর্তমানে ২৭ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। চাল উৎপাদনে দেশ স্বয়ংসম্পূর্ণ হলেও পুষ্টিগুণ বাড়াতে চাল ও আটাকে পুষ্টিসমৃদ্ধ করার উদ্যোগ নেয়া হচ্ছে।
নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, রাতে ভোট বা পেশিশক্তি ব্যবহারের কোনো ইচ্ছা সরকারের নেই। সফলতা নিয়েই ২০৩১ সালের নির্বাচনে জনগণের কাছে যাবে সরকার।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।