রোহিঙ্গাদের নিরাপত্তা, নাগরিকত্ব, মানবাধিকার, মর্যাদা ও শিক্ষার অধিকার নিশ্চিত করেই তাদের মিয়ানমারে ফেরত পাঠাতে হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এ প্রক্রিয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্পৃক্ততা প্রয়োজন বলেও জানান তিনি।
রোববার (৮ নভেম্বর) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে রোহিঙ্গা সংকট সমাধানে জাতীয় কৌশল নির্ধারণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়ে আয়োজিত নীতি সংলাপে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বাংলাদেশে বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গা অবস্থান করছে। শরণার্থী শিবিরগুলোতে প্রতিদিন ৮২ থেকে ৯০টি শিশুর জন্ম হচ্ছে। এ পরিস্থিতি দীর্ঘায়িত হলে মানবিক সংকটের পাশাপাশি দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতেও চাপ তৈরি হতে পারে।
তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাতীয় কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগে এ সংকটের যৌক্তিক সমাধান করতে হবে।
আইনমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের নয়, এটি মিয়ানমারের সমস্যা। তাই এর সমাধানের দায়িত্বও মিয়ানমারকেই নিতে হবে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।