ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পাচ্ছেন ইয়াশার পার্টির চেয়ারম্যান গাদি আইজেনকোট। শনিবার (৭ নভেম্বর) দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এ ঘোষণা দেন। রোববার (৮ নভেম্বর) জেরুজালেমে প্রেসিডেন্টের সরকারি বাসভবনে আনুষ্ঠানিকভাবে তাকে সরকার গঠনের ম্যান্ডেট দেয়া হবে।
সরকার গঠনের জন্য আইজেনকোট ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে প্রেসিডেন্ট আরও ১৪ দিন সময় বাড়াতে পারবেন। তবে এ সময়ের মধ্যে সরকার গঠনে ব্যর্থ হলে পরবর্তী সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট।
আইন অনুযায়ী, প্রথম প্রচেষ্টা ব্যর্থ হলে অন্য কোনো পার্লামেন্ট সদস্যকে সরকার গঠনের দায়িত্ব দিতে পারবেন প্রেসিডেন্ট। দ্বিতীয় প্রচেষ্টাও ব্যর্থ হলে ২১ দিনের বিশেষ সময়সীমা শুরু হবে। এ সময় অন্তত ৬১ জন নেসেট সদস্য যৌথভাবে কোনো আইনপ্রণেতার নাম প্রস্তাব করতে পারবেন। তিনিও সরকার গঠনের জন্য ১৪ দিন সময় পাবেন। সব প্রচেষ্টা ব্যর্থ হলে ভেঙে দেয়া হবে পার্লামেন্ট এবং নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে।
গেলো সপ্তাহের নির্বাচনে ১২০ আসনের নেসেটে নেতানিয়াহুর লিকুদ পার্টি ও তার ডানপন্থী মিত্ররা পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে, আইজেনকোটের ইয়াশার পার্টি ও বিরোধী জোটের অন্য তিনটি দল পেয়েছে ৪৮টি আসন। আরব নেতৃত্বাধীন দুটি জোট পেয়েছে ১৯টি আসন।
প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, নবনির্বাচিত নেসেট সদস্যদের সঙ্গে আলোচনার পর আইজেনকোটের পক্ষে প্রধানমন্ত্রী হওয়ার জন্য ৬৭টি সুপারিশ জমা পড়েছে। অন্যদিকে, নেতানিয়াহু পেয়েছেন ৪৬টি সুপারিশ।
নতুন সরকার পার্লামেন্টের আস্থা অর্জন করে দায়িত্ব নেয়া পর্যন্ত বিদায়ী সরকারই অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে। উল্লেখ্য, ইসরায়েলে কোনো রাজনৈতিক দল এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দেশটির সরকারগুলো জোটের ভিত্তিতেই গঠিত হয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।