পাবনার চাটমোহরে সরকারি বরাদ্দের সার বিতরণের সময় বিক্ষুব্ধ হয়ে প্রায় ৬০০ বস্তা সার নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) উপজেলার ছাইকোলা ইউনিয়নে ডিলার প্রদীপ কুমারের পয়েন্টে এ ঘটনা ঘটে।
উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, ডিলার পয়েন্টে ইউরিয়া, এমওপি ও ডিএপিসহ মোট ১ হাজার ১৮১ বস্তা সার ছিল। বিতরণের জন্য ১৭১টি মেমো কাটার পর বেলা সাড়ে ১১টার দিকে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধরা প্রায় ৬০০ বস্তা সার নিয়ে যায়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। ইউএনও জানান, ঘটনার কারণ জানতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা হচ্ছে।
জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, জেলায় সারের কোনো সংকট নেই; চাহিদার অতিরিক্ত বরাদ্দ রয়েছে। দীর্ঘ লাইনের মধ্যে কিছু মানুষ বিশৃঙ্খলা করে সার নিয়ে গেছে। মাইকিং করে সার ফেরত দিতে কৃষকদের আহ্বান জানানো হচ্ছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নজরুল ইসলাম বাঁধন, পাবনা জেলা প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।