২০১৩ সালের একটি মামলার তদন্তে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করতে চায় দিল্লি পুলিশ। এ জন্য কলকাতা পুলিশের সহায়তায় সোমবার (৯ নভেম্বর) কালীঘাটে তাঁর বাসভবনে নোটিশ পাঠানো হয়েছে।
দিল্লি পুলিশের দুই সদস্য মমতার বাড়িতে গিয়ে নোটিশটি পৌঁছে দেন। ফৌজদারি কার্যবিধির ১৬০ ধারায় পাঠানো নোটিশে জিজ্ঞাসাবাদের জন্য তাঁর সুবিধাজনক সময় ও স্থান জানাতে বলা হয়েছে। বাসভবন, কার্যালয় কিংবা অন্য কোনো সুবিধাজনক স্থানে তিনি জিজ্ঞাসাবাদে অংশ নিতে পারবেন।
মামলাটি ২০১৩ সালের ৯ এপ্রিলের একটি ঘটনাকে কেন্দ্র করে। সেদিন কেন্দ্রীয় পরিকল্পনা কমিশনের কার্যালয়ের বাইরে বিক্ষোভের সময় পশ্চিমবঙ্গের তৎকালীন অর্থমন্ত্রী অমিত মিত্র হেনস্তার শিকার হন। ওই সময় মমতাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পরে ভিডিও ফুটেজ পর্যালোচনা করে এসএফআইয়ের তৎকালীন সাধারণ সম্পাদক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়সহ ছয়জনকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। পরে তাঁরা জামিন পান।
এ ঘটনায় বিজেপির পশ্চিমবঙ্গ শাখার মুখপাত্র দেবজিৎ সরকার বলেছেন, তদন্তের প্রয়োজনে পুলিশ নোটিশ দিয়েছে এবং আইনের চোখে সবাই সমান। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য সৌগত রায় ১৩ বছর পর নোটিশ পাঠানোয় ক্ষোভ প্রকাশ করেছেন। তবে মামলার তদন্ত ও বিচারপ্রক্রিয়া এগিয়ে নেয়ার পক্ষে তৃণমূল বলে জানান তিনি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।