গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে লগি-বৈঠা হাতে মিছিল বের করেন সংগঠনটির নেতা-কর্মীরা। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়ার একপর্যায়ে পুলিশের একটি গাড়িতে আগুন দেয়া হয়।
সকাল সাড়ে ১০টার দিকে টুঙ্গিপাড়া মোড়ে উপজেলা ছাত্রলীগের ব্যানারে বিপুলসংখ্যক নেতা-কর্মী জড়ো হন। তাঁরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। পরে আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও সেখানে যোগ দেন। একপর্যায়ে লগি-বৈঠা নিয়ে মিছিল বের হলে পুলিশ বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।
ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জ থেকে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পাঠানো হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত টুঙ্গিপাড়া মোড় ও আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
এদিকে ছাত্রধর্মঘট ঘিরে সোমবার রাতেও জেলার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। শহরের জেলা স্কুল, সরকারি মহিলা কলেজ, পাসপোর্ট অফিস এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের আশপাশে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। কোটালীপাড়ায় মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, সোমবার রাতের ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে সাতটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং ১৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। তাঁর দাবি, মঙ্গলবার দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।