প্রধানমন্ত্রী তারেক রহমানের অধীনে মন্ত্রিত্ব করা বেশ কঠিন বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, প্রধানমন্ত্রী রাত ২টায়ও মন্ত্রীদের ফোন করে কাজের অগ্রগতি জানতে চান।
মঙ্গলবার বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মাঠে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ প্রতিযোগিতার রাজশাহী বিভাগীয় পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টুকু বলেন, প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টার মধ্যে ১৮ ঘণ্টা কাজ করেন এবং প্রতিটি মন্ত্রণালয়ের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। দেশকে এগিয়ে নিতে সঠিক ব্যবস্থাপনা, সমন্বয় ও দায়িত্বশীলতার ওপর গুরুত্ব দেন তিনি।
তরুণদের উদ্ভাবনী চিন্তা কাজে লাগানোর আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, দেশীয় প্রযুক্তি ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে হবে। এআইয়ের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানোর সুযোগ থাকলেও কর্মসংস্থানের ঝুঁকিও বিবেচনায় রাখতে হবে।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক বিভিন্ন প্রকল্প প্রদর্শন করেন। দিনব্যাপী প্রদর্শনী শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সজল শেখ, বগুড়া
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।