দেশের বিভিন্ন জেলায় রাতভর অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ফরিদপুরে বাসের ভেতরে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে এক চালকের মৃত্যু হয়েছে। এ ছাড়া বাস, কাভার্ডভ্যান, ট্রেনের বগি, পৌরসভার গাড়ি ও বিভিন্ন স্থাপনায় আগুন দেয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা থেকে মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল পর্যন্ত এসব ঘটনা ঘটে। সবচেয়ে বড় অবরোধ হয় পদ্মা সেতুর জাজিরা প্রান্তে। সেখানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের অবরোধে প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকে। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
ফরিদপুরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে রাত ৩টার দিকে আগুন দেয়া হয়। বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক মো. কালাচাঁদ (৫০)। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাজীপুরে ২৪ ঘণ্টায় তিনটি বাস ও একটি কাভার্ডভ্যানে আগুন দেয়া হয়েছে। ধামরাই ও নওগাঁতেও চারটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। নেত্রকোনার মোহনগঞ্জ স্টেশনে হাওর এক্সপ্রেসের একটি বগিতে আগুনে চারটি আসন পুড়ে যায়। একই এলাকায় সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানের বাড়িতেও হামলা ও অগ্নিসংযোগ করা হয়।
এ ছাড়া বগুড়া, মাদারীপুর, পটুয়াখালী, বরগুনা ও পাবনায় সড়কে আগুন, ককটেল বিস্ফোরণ ও অবরোধের ঘটনা ঘটেছে। মানিকগঞ্জে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ।
খাগড়াছড়ির গুইমারায় ওয়ার্ড বিএনপির কার্যালয় এবং একটি চাঁদের গাড়িতে আগুন দেয়া হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন আটজনকে আটক করেছে পুলিশ।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।