এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষার সুযোগ তৈরি হলেও বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে অনিশ্চয়তা কাটছে না। বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে জটিলতায় পড়েছেন প্রায় ৬ লাখ শিক্ষার্থী।
দেশের ইতিহাসে প্রথমবারের মতো এইচএসসিতে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষা শুরু হবে আগামী ১ ডিসেম্বর। ফল প্রকাশ করা হবে ২৩ ডিসেম্বর। অন্যদিকে, ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন করেছেন। এর ফল প্রকাশিত হবে ২৩ নভেম্বর।
শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে ১ ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরুর প্রস্তাব দিয়েছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এতে সাড়া দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় আবেদনের যোগ্যতা শিথিলসহ ফেব্রুয়ারিতে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে। ২৩টি সাধারণ ও বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ও মার্চে ভর্তি পরীক্ষা নেয়ার পরিকল্পনা করছে।
তবে ইউজিসির প্রস্তাবে সাড়া দেয়নি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয়। অন্যদিকে, মেডিকেল কলেজগুলোর ভর্তি পরীক্ষা হবে ডিসেম্বরে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল্লাহ জানিয়েছেন, পাস করা শিক্ষার্থীদের জন্য সেশনজট তৈরি করতে চান না তারা। করোনার কারণে বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে পিছিয়ে পড়েছে।শিক্ষাবিদদের মতে, সম্পূরক পরীক্ষার সুযোগ দেয়ার মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের শিক্ষাজীবন থেকে একটি বছর হারিয়ে যাওয়া ঠেকানো। কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না পেলে তারা আবারও ঝরে পড়ার ঝুঁকিতে পড়বে।
এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। অকৃতকার্য হয়েছেন প্রায় ৬ লাখ শিক্ষার্থী, যা ৩৬ বছরের মধ্যে সর্বোচ্চ।
দিয়া হোসাইন/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।