সুপারমার্কেটের হিমাগার নিয়ন্ত্রণব্যবস্থায় সাইবার হামলার অভিযোগ ঘিরে ফ্রান্সকে সতর্ক করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। শনিবার (১৪ নভেম্বর) দেয়া এক সতর্কবার্তায় সংস্থাটি বলেছে, ইসরায়েলের ‘ফলস ফ্ল্যাগ’ বা সাজানো হামলার ফাঁদে যেন পা না দেয় প্যারিস।
আনাদোলুর খবরে বলা হয়, আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বি দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে ইউরোপীয় দেশগুলোর মধ্যে শত্রুতা উসকে দিতে এবং ইউরোপের সমর্থন আদায় করতে এসব মিথ্যা অভিযোগ তুলছে ইসরায়েল। অভিযোগগুলোকে ‘হাস্যকর’ বলেও মন্তব্য করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মোহেব্বি লেখেন, ‘ইহুদিবাদী শাসকগোষ্ঠীর ফলস ফ্ল্যাগ ফাঁদ সম্পর্কে প্যারিসের সতর্ক থাকা উচিত।’ তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিপরীতে আইআরজিসি কখনো বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে না।
এর আগে সোমবার ফ্রান্স সরকার জানায়, সাইবার হামলাগুলোর জন্য দায়ী ইরানের আইআরজিসির ইলেকট্রনিক যুদ্ধ ও সাইবার প্রতিরক্ষা সংস্থার অধীন ‘শহিদ কাভেহ’ ইউনিট। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, গত ১১ থেকে ১২ অক্টোবর রাতে দেশটির ৭০০টির বেশি খুচরা বিক্রয়কেন্দ্রের হিমাগার নিয়ন্ত্রণব্যবস্থায় এসব হামলা চালানো হয়।
মন্ত্রণালয় আরও জানায়, হামলার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি, অগ্নিকাণ্ড এবং কয়েক কোটি ইউরো মূল্যের খাদ্যপণ্য নষ্ট হয়েছে। এ ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে তলব করার পরিকল্পনার কথাও জানিয়েছে প্যারিস। পাশাপাশি হামলার সঙ্গে জড়িত বলে সন্দেহভাজন ইরানি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে আরও নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নেবে ফ্রান্স।
তবে মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব অভিযোগ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে বেআইনি বিদেশি কর্মকাণ্ডের বিরুদ্ধে জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে তেহরান।
আশিক/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।