দেশে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে। সোমবার (১৬ নভেম্বর) নির্বাচন কমিশন ভবনে কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।তিনি জানান, দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে নির্বাচনের পরিকল্পনা রয়েছে।
কোন ইউনিয়নে কবে ভোট হবে, তার বিস্তারিত তালিকা আগামী বৃহস্পতিবারের মধ্যে ইসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এদিকে, ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছে কমিশন। আগামী ১০ ডিসেম্বরের আগেই তিন দিনে এ সংলাপ শেষ করার পরিকল্পনা রয়েছে। নিবন্ধনের ক্রমানুসারে দলগুলোকে আলোচনায় আমন্ত্রণ জানানো হবে। সানাউল্লাহ জানান, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তপশিল ঘোষণার দিন কার্যকর থাকা আইন অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে এখনো কোনো রাজনৈতিক দল দাবি জানায়নি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।