ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিযোগ তুলে কড়া অবস্থান নিয়েছেন বিরোধী জোটের নেতা গাদি আইজেনকোট। রোববার (১৫ নভেম্বর) তিনি বলেছেন, নেতানিয়াহু ‘আর এক মিনিটের জন্যও’ সরকারপ্রধান হিসেবে থাকতে পারেন না।
সম্ভাব্য জাতীয় ঐক্যের সরকার গঠন নিয়ে দুই নেতার প্রতিনিধিদের বৈঠকের কয়েক ঘণ্টা পরই এ মন্তব্য করেন সাবেক সেনাপ্রধান আইজেনকোট। তাঁর অভিযোগ, নেতানিয়াহু ও তাঁর ঘনিষ্ঠদের কর্মকাণ্ড ইসরায়েলের গণতন্ত্রের জন্য সরাসরি হুমকি হয়ে উঠেছে।
ইসরায়েলের চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে দাবি করা হয়, নির্বাচনের আগের রাতে নেতানিয়াহুর চিফ অব স্টাফ ইদো নর্ডেন পুলিশ কমিশনারের কার্যালয়ে ফোন করে আরব-ইসরায়েলি ‘রাম’ পার্টির সদস্যদের বিরুদ্ধে অভিযোগ জানান। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে দলটির তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। তবে পরবর্তী তদন্তে কথিত গোয়েন্দা সূত্রের তথ্য ভিত্তিহীন প্রমাণিত হলে তাঁদের ছেড়ে দেওয়া হয়। আইজেনকোটের দল এক বিবৃতিতে ঘটনাটির অবিলম্বে তদন্তের দাবি জানিয়েছে। তবে নেতানিয়াহুর কার্যালয় চ্যানেল ১২-এর প্রতিবেদনকে ‘মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে।
গত মাসের নির্বাচনে নেতানিয়াহুর জোট কিংবা আইজেনকোটের বিরোধী দল—কেউই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পায়নি। সরকার গঠনের দায়িত্ব পাওয়া আইজেনকোটকে সমর্থনের ইঙ্গিত দিয়েছে দুটি প্রধান আরব দল ‘জয়েন্ট লিস্ট’ ও ‘রাম’।
এর আগে শনিবার নেতানিয়াহু জাতীয় ঐক্যের সরকার গঠনে আইজেনকোটকে যোগ দেওয়ার আহ্বান জানান। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে তাঁর বিরুদ্ধে ছলচাতুরী ও রাজনৈতিক উত্তেজনা ছড়ানোর অভিযোগ তোলেন আইজেনকোট।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।