
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ২০২৪ সালের নির্বাচনে সমর্থন করা ভোটারদের ৩৫ শতাংশই ২০২৬ সালের ৩ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ভোট দেননি। অন্যদিকে, ২০২৪ সালে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে ভোট দেওয়া ব্যক্তিদের মধ্যে ২২ শতাংশ এবার ভোট দিতে যাননি। জরিপ প্রতিষ্ঠান জে এল পার্টনার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
সোমবার (১৬ নভেম্বর) প্রকাশিত ‘Sitting Out the Surge: How Turnout, Not Swing, Built the Blue Wave’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, রিপাবলিকানদের নির্বাচনি পরাজয়ের অন্যতম প্রধান কারণ ছিল সমর্থকদের ভোটকেন্দ্রে অনুপস্থিতি।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে ট্রাম্পকে ভোট দেওয়া কলেজ ডিগ্রিবিহীন ৪৬ শতাংশ, গ্রামীণ এলাকার ৩৯ শতাংশ এবং ৬৫ বছরের বেশি বয়সী ৪৪ শতাংশ ভোটার এবার ভোট দেননি।
এক হাজার ভোটারের নির্বাচনি দিনের জরিপ এবং নির্বাচনি প্রচারণার সময় নেওয়া ৩০ হাজারের বেশি সাক্ষাৎকারের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
জরিপের বিশ্লেষণে বলা হয়েছে, মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের অগ্রগতির প্রায় ৭০ শতাংশ এসেছে ভোটার উপস্থিতির পার্থক্য থেকে, দল পরিবর্তনের কারণে নয়। ২০২৪ সালে রিপাবলিকানদের দুই পয়েন্টের ব্যবধানের বিপরীতে ২০২৬ সালে ডেমোক্র্যাটরা ১৩ পয়েন্টে এগিয়ে যায়। এই ১৫ পয়েন্টের ব্যবধানের মধ্যে ১০ পয়েন্ট এসেছে ভোটার উপস্থিতির প্রভাবে, বাকি পাঁচ পয়েন্ট দল পরিবর্তনের কারণে।
ট্রাম্পের সাবেক সমর্থকদের মধ্যে মাত্র ৮ শতাংশ ডেমোক্র্যাট প্রার্থীদের ভোট দিয়েছেন। অন্যদিকে, ট্রাম্পের প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করা ভোটারদের মধ্যে ডেমোক্র্যাটরা ৯০ শতাংশ পয়েন্টের ব্যবধানে এগিয়ে ছিল।
জরিপে অংশ নেওয়া ডেমোক্র্যাট ভোটারদের ৪৮ শতাংশ জানিয়েছেন, দলের নীতির প্রতি সমর্থনের চেয়ে ট্রাম্পের বিরোধিতা করতেই তাঁরা ভোট দিয়েছেন।
জীবনযাত্রার ব্যয় ও অর্থনীতি ছিল ভোটারদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। ৩৩ শতাংশ ভোটার এ দুটির যেকোনো একটিকে প্রধান বিবেচনা হিসেবে উল্লেখ করেছেন।
জে এল পার্টনার্সের প্রতিষ্ঠাতা পরিচালক জেমস জনসন বলেন, একজন ভোটারও দল পরিবর্তন না করলেও রিপাবলিকানরা সিনেট ও প্রতিনিধি পরিষদ—উভয় কক্ষেই পরাজিত হতো।
তাহসান/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।