
রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার মামলায় আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।
এর আগে সোমবার দুই আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের আপিল এবং ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়। শুনানি শেষে মঙ্গলবার রায় ঘোষণার দিন নির্ধারণ করেছিলেন আদালত।
চলতি বছরের ১৯ মে পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনায় শিশুটির বাবা পল্লবী থানায় মামলা করেন। তদন্ত শেষে সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়।
পরে ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল দুই আসামিকেই মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি সোহেল রানাকে পাঁচ লাখ এবং স্বপ্না আক্তারকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে দুই আসামি জেল আপিল করেন। একই সঙ্গে মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। শুনানি শেষে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।