
রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ে হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টার পর মিরপুর-১৩ নম্বরে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে এ হামলা হয়। এতে অন্তত দুই থেকে তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন কার্যালয়ের কর্মকর্তারা।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, লাঠি, ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে ১০০ থেকে ১৫০ জনের একটি দল ভবনটিতে হামলা চালায়। এতে ভবনের সামনের কাচের দেয়ালসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হয়। হামলাকারীরা ভেতরে প্রবেশের চেষ্টা করলেও কাচের দরজার কারণে ব্যর্থ হন বলে দাবি করেছেন কর্মকর্তারা।
প্রশাসকের কার্যালয়ের দপ্তর সম্পাদক মোহাম্মদ মামুন পাটোয়ারী জানান, আগাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা হামলার আশঙ্কায় সতর্ক ছিলেন। তাঁর অভিযোগ, পুলিশকে খবর দেয়া হলেও ভাঙচুরের অধিকাংশ ঘটনা ঘটে যাওয়ার পর তারা ঘটনাস্থলে পৌঁছায়।
মামুন পাটোয়ারীর দাবি, হামলার মূল লক্ষ্য ছিলেন শফিকুল ইসলাম খান মিল্টন। সম্প্রতি ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানোর বিষয়টিও হামলার সম্ভাব্য কারণ বলে মনে করছেন তিনি। ঘটনার পর ভবনটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।