
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ফের বিতর্কিত মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেছেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ কোনো দেশেই গণতন্ত্র স্থায়ী হয় না। বাংলাদেশ ও পাকিস্তানকে এর উদাহরণ হিসেবেও উল্লেখ করেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন দিলীপ ঘোষ। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের কারাবাস ও নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। দিলীপ ঘোষের দাবি, চিন্ময় কৃষ্ণ দাস এখন আন্তর্জাতিক পরিচিতি পেয়েছেন এবং তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে ভারতের কেন্দ্রীয় সরকারসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর পদক্ষেপ নেয়া উচিত।
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিজেপির এই নেতা আরও অভিযোগ করেন, দেশটিতে প্রশাসনিক শূন্যতা ও অরাজকতা চলছে এবং ধর্মের নামে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে। তবে এসব অভিযোগের পক্ষে তিনি কোনো নির্দিষ্ট প্রমাণ তুলে ধরেননি।
এদিকে পশ্চিমবঙ্গে পুলিশের কথিত এনকাউন্টার নীতি নিয়ে সমালোচকদেরও হুঁশিয়ারি দেন দিলীপ ঘোষ। উত্তরপ্রদেশ ও গুজরাটের মতো শাসনব্যবস্থা চালুর ইঙ্গিত দিয়ে তিনি বলেন, যাদের পশ্চিমবঙ্গে থাকতে আপত্তি রয়েছে, তাদের ভিসা ছাড়াই বাংলাদেশে পাঠিয়ে দেয়ার ব্যবস্থা করবেন।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।