
পোশাক শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১৮ হাজার ৫০০ থেকে ২৪ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির মতে, শ্রমিকদের জন্য শেষ পর্যন্ত জীবনধারণের উপযোগী মজুরি নিশ্চিত করা প্রয়োজন।
বুধবার (১৮ নভেম্বর) সকালে সিপিডির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রস্তাব তুলে ধরেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ।
তিনি জানান, চার সদস্যের একটি পরিবারের ব্যয়ের হিসাব পর্যালোচনা করে দেখা গেছে, মূল্যবৃদ্ধির কারণে ২০২৩ সালে ১২ হাজার ৫০০ টাকা দিয়ে যে জীবনযাপন সম্ভব ছিল, বর্তমানে একই জীবনযাত্রার জন্য প্রয়োজন প্রায় ১৬ হাজার ৩০০ টাকা। শহরাঞ্চলের উচ্চ দারিদ্র্যসীমার নিচে না থাকতে একজন উপার্জনকারীর মাসিক আয় অন্তত ১৮ হাজার ৫০০ টাকা হওয়া প্রয়োজন। আর মৌলিক চাহিদা পূরণ করে সম্মানজনক জীবনযাপনের জন্য প্রয়োজন ২৪ হাজার টাকার বেশি।
নাজনীন আহমেদ বলেন, মজুরি নির্ধারণকে শুধু মালিক-শ্রমিকের দর-কষাকষির মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। বরং মূল্যস্ফীতি, শিল্পাঞ্চলের জীবনযাত্রার ব্যয়, শ্রমিকদের আর্থসামাজিক অবস্থা ও উৎপাদনশীলতা বিবেচনায় নিয়ে অন্তত ছয় মাস আগে মজুরি বোর্ড গঠন করা প্রয়োজন।
তিনি আরও বলেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে জীবনধারণের উপযোগী মজুরি নিশ্চিত করা শ্রম অধিকার ছাড়াও বাজারে প্রবেশাধিকারের গুরুত্বপূর্ণ শর্ত হয়ে উঠছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।