
ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বুধবার (১৮ নভেম্বর) নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম: বর্তমান ও উত্তরণ’ শীর্ষক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, মানুষ ভোটমুখী হলে দেশে বিশৃঙ্খলা কমে আসবে। নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে। যথাসময়েই এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
এদিকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নিতে গিয়ে নাগরিকদের ভোগান্তি, হয়রানি ও দুর্নীতির অভিযোগ বন্ধে কর্মকর্তাদের কঠোর নির্দেশ দিয়েছেন সিইসি। তিনি জানান, এনআইডি সেবার ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বরদাশত করবে না কমিশন। এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।
কর্মশালায় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, গত দুই বছরে ১৭ লাখের বেশি এনআইডি আবেদন নিষ্পত্তি করা হয়েছে। তবে এ কার্যক্রম পরিচালনায় বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে, যার কারণে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে।
দিনব্যাপী কর্মশালায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাংবাদিকরা অংশ নেন।
তাহসান/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।