
পাকিস্তানের বর্তমান চারটি প্রদেশ পুনর্গঠন করে ১৪টি প্রদেশ গঠনের পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। প্রস্তাব অনুযায়ী পাঞ্জাব ও সিন্ধুতে চারটি করে এবং খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে তিনটি করে প্রদেশ গঠনের কথা রয়েছে। পাশাপাশি রাজধানী ইসলামাবাদকে পৃথক প্রাদেশিক মর্যাদা দেয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল সংবাদমাধ্যম দ্য নিউজকে দেয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নতুন প্রদেশ গঠনের প্রস্তাব পর্যালোচনায় একটি কমিটি গঠনের সুপারিশ করে গত সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে চিঠি দিয়েছিলেন। তবে এখনো এ বিষয়ে অগ্রগতি হয়নি।
ইসলামাবাদের জন্য স্থানীয় সরকার ও প্রাদেশিক পরিষদের সমন্বয়ে একটি মিশ্র প্রশাসনিক কাঠামোর প্রস্তাব করা হয়েছে। এতে একজন মুখ্যমন্ত্রী বা মেয়র এবং প্রায় ২৫ সদস্যের আইন প্রণয়নকারী পরিষদ রাখার কথা বলা হয়েছে।
আহসান ইকবাল জানান, ২০২৭ সালের মার্চে অনুষ্ঠেয় সিনেট নির্বাচনের আগেই নতুন প্রদেশ গঠনের বিষয়টি নিষ্পত্তি করা প্রয়োজন। তাঁর মতে, পাকিস্তানের প্রশাসনিক কাঠামো আরও কার্যকর করতে ক্ষমতা বিকেন্দ্রীকরণ জরুরি। এ বিষয়ে রাজনৈতিক নেতৃত্বকে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।