রোববার (২ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচার মেলায় জাগ্রত জুলাই ফোরামের আয়োজনে ‘শহীদদের আত্মত্যাগ আমাদের দায় ও নতুন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, ঐক্যবদ্ধ আন্দোলন-সংগ্রামের ফসল হচ্ছে ৩৬ জুলাই। দীর্ঘ ১৬ বছর ধরে স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই জুলাইয়ের ভিত্তি রচিত হয়েছে।

তিনি বলেন, ছাত্র-শিক্ষক, কবি-সাহিত্যিক, পেশাজীবীসহ সব শ্রেণি-পেশার মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টার সফল সমাপ্তি ঘটে ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনার দেশত্যাগের মধ্য দিয়ে।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর এমপি প্রধান আলোচক এবং মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপি বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।
পানি সম্পদ মন্ত্রী বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় জীবন উৎসর্গ করে ছাত্ররা দেশবাসীকে ঋণী করে গেছেন। এখন শহীদদের সেই ঋণ পরিশোধের দায়িত্ব আমাদের। জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে বিরোধ নয়, বরং ভিন্নমতের প্রতি সম্মান দেখিয়ে এগিয়ে যেতে হবে। গণতন্ত্রের সৌন্দর্য হলো গঠনমূলক সমালোচনার সুযোগ থাকা। জুলাইয়ের আদর্শ বাস্তবায়নে কোনো আপস করা হবে না বলেও জানান তিনি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাগ্রত জুলাই ফোরামের আহ্বায়ক আলহাজ্ব আহমেদ জীবন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন এবং আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী ড. শহীদুল আলম।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।