সিরাজগঞ্জের বেলকুচিতে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজা আরিফের কোদালের আঘাতে আবুল কালাম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার ভাঙাবাড়ী ইউনিয়নের উত্তর চন্দনগাঁতি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম ওই গ্রামের মৃত গনি শেখের ছেলে। আহত হাফিজা খাতুন ও কামরুল হাসান বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কালামের সঙ্গে তাঁর চাচাতো ভাই মান্নান শেখের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। শনিবার সকালে মান্নান শেখ, তাঁর ছেলে আরিফসহ পরিবারের সদস্যরা আবুল কালামের মালিকানাধীন শালবাগানে গাছ কাটতে গেলে তিনি বাধা দেন। এ সময় আরিফ কোদাল দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। আবুল কালামকে রক্ষা করতে এগিয়ে এলে হাফিজা ও কামরুলও হামলার শিকার হন।
আহতদের উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁদের বগুড়ায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবুল কালামের মৃত্যু হয়।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান জানান, এ ঘটনায় নিহতের ভাই বদিউজ্জামান বাদী হয়ে হত্যা মামলা করেছেন। মান্নান শেখ ও তাঁর বেয়াইনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সিরাজগঞ্জ প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।