ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর ক্ষমতার দুই বছর পূর্তি উপলক্ষে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল রাজধানী জাকার্তা। বিক্ষোভ মোকাবিলায় মঙ্গলবার (২০ অক্টোবর) রাজধানীতে ৯ হাজার ৫০৫ জন নিরাপত্তাকর্মী মোতায়েন করেছে কর্তৃপক্ষ।
জাকার্তা পুলিশের মুখপাত্র বুদি হারমানতো জানান, অন্তত দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভের আয়োজন করেছেন।
ইন্দোনেশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাম্প্রতিক দাবানল, শেয়ারবাজারের বড় দরপতন ও রুপিয়ার দুর্বল হয়ে পড়ার প্রতিবাদ করছেন। তাদের মতে, এসব ঘটনা দেশের অর্থনীতির দুর্বলতা তুলে ধরছে। একই দিন পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস জাকার্তার একটি গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভে জলবায়ু সংকট মোকাবিলা ও জীবনযাত্রার ব্যয় কমানোর দাবিতে ব্যানার টাঙিয়েছে।
২০২৪ সালের ২০ অক্টোবর প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন সাবেক জেনারেল প্রাবোও সুবিয়ান্তো। তবে তার অর্থনৈতিক কর্মসূচি নিয়ে উদ্বেগের পাশাপাশি জনসমর্থনও কমেছে। এক জনমত জরিপ অনুযায়ী, চলতি মাসে তার প্রতি সমর্থন নেমে এসেছে ৪৪ দশমিক ৫ শতাংশে, যা গেল বছরের নভেম্বরে ছিল ৮১ দশমিক ২ শতাংশ।
ইন্দোনেশিয়ায় গেল আগস্টেও বড় বিক্ষোভ হয়েছিল। এর আগে ২০২৫ সালে এক মোটরসাইকেল ট্যাক্সিচালককে পুলিশ হত্যার ঘটনায় দেশজুড়ে আন্দোলন ছড়িয়ে পড়ে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।