চলতি বছরের মার্চ পর্যন্ত দেশে মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা। জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (৬ সেপ্টেম্বর) সংসদ সদস্য রেজা আহমেদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, মাথাপিছু ঋণের বোঝা কমাতে রাজস্ব আদায় বাড়ানো, সরকারি অর্থের দক্ষ ব্যবস্থাপনা এবং ঋণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার ওপর জোর দিচ্ছে সরকার।
তিনি বলেন, কর ও কর-বহির্ভূত রাজস্ব বাড়ানোর পাশাপাশি সরকারি ব্যয় আরও সাশ্রয়ী ও কার্যকর করার উদ্যোগ নেয়া হয়েছে। অপ্রয়োজনীয় ও কম অগ্রাধিকারপ্রাপ্ত ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে ঋণের প্রয়োজনীয়তা কমানোর পরিকল্পনাও রয়েছে।
সরকারি ঋণের সুদ ও পুনর্বিত্তায়নের ঝুঁকি কমাতে বাজারভিত্তিক ঋণ ব্যবস্থাপনার পাশাপাশি সরকারি সিকিউরিটিজ ও অভ্যন্তরীণ ঋণবাজার সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান তিনি।
সঞ্চয়পত্রের মাধ্যমে অতিরিক্ত ঋণ গ্রহণ নিয়ন্ত্রণে সীমা অনুসরণ এবং বাজার পরিস্থিতির সঙ্গে সুদ বা মুনাফার হার সমন্বয়ের উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি অপরিকল্পিত ঋণ গ্রহণ এড়াতে বার্ষিক ঋণ গ্রহণ পরিকল্পনা প্রণয়ন ও তা অনুসরণের ওপর জোর দেয়া হচ্ছে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।