পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদী থেকে অবৈধ ও অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধ, নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশগত ভারসাম্য রক্ষার দাবিতে গণমানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার সাঁড়া ইউনিয়নের আরামবাড়ীয়া পদ্মা নদীর তীরবর্তী একটি স্কুল এলাকায় এ গণমানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে পদ্মা নদীর তীরবর্তী এলাকার বাসিন্দা, স্থানীয় জনগণ, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় অবৈধ ও অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ, পরিবেশগত ভারসাম্য ও নদীতীরবর্তী জনপদ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেন তাঁরা। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার সাঁড়া ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীতীরবর্তী এলাকার ঘরবাড়ি, বসতভিটা ও জনপদ মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। এভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে নদীভাঙন আরও তীব্র হতে পারে। এতে বহু পরিবার তাদের বসতভিটা ও সহায়-সম্বল হারানোর আশঙ্কায় রয়েছে।
বক্তারা আরও বলেন, পদ্মা নদী ও নদীতীরবর্তী জনপদ রক্ষায় অবৈধ ও অপরিকল্পিত বালু উত্তোলন অবিলম্বে বন্ধ করতে হবে। এ বিষয়ে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি নদী ও পরিবেশ সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা।
নজরুল ইসলাম বাঁধন, পাবনা জেলা প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।