নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম হত্যা মামলায় সংসদ সদস্য আজিজুর রহমান আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বড়াইগ্রাম আমলি আদালতে মিন্টুকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আমির হোসেন। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর ডিবি পুলিশের ওসি নজরুল ইসলাম।
এর আগে সোমবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য মিন্টুকে হেফাজতে নেয় পুলিশ। তিনি নাটোর-৪ আসনের সংসদ সদস্য আজিজুর রহমান আজিজের ছেলে।
গেলো ১৫ অক্টোবর রাতে গুরুদাসপুরের চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় হামলার শিকার হন শাকিল। মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজের পাশে ধারালো অস্ত্রের আঘাত ও গুলিতে গুরুতর আহত হন তিনি। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৬ অক্টোবর) রাত ৮টার দিকে তাঁর মৃত্যু হয়।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।