মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুক কর্মীদের মেডিকেল পরীক্ষা আগামী ৩১ অক্টোবর থেকে অনুমোদিত মেডিকেল সেন্টারে শুরু হবে। এর আগে কোনো মেডিকেল পরীক্ষা করা হলে তা গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
বুধবার (২৮ অক্টোবর) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা শিগগিরই মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কর্মীদের তালিকা দেখে মেডিকেল পরীক্ষা করানোর পরামর্শ দেয়া হয়েছে। নির্দেশনা ও সক্ষমতার ভিত্তিতে তালিকা থেকে কোনো সেন্টার বাদ পড়তে পারে, আবার নতুন সেন্টার যুক্তও হতে পারে।
মন্ত্রণালয় জানায়, ৩১ অক্টোবরের আগে করা মেডিকেল পরীক্ষার ভিত্তিতে ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের প্রক্রিয়া সম্পন্ন করা হবে না। সরকারি অনুমোদন ছাড়া কোনো মেডিকেল সেন্টার বা রিক্রুটিং এজেন্সি কর্মীদের পরীক্ষা করাতে পারবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কিছু দালাল ও অসাধু এজেন্সি অনুমোদন ছাড়াই মেডিকেল পরীক্ষার কথা বলে কর্মীদের কাছ থেকে পাসপোর্ট ও টাকা নেয়ার চেষ্টা করছে। তাই অনুমোদন নিশ্চিত না হয়ে কাউকে পাসপোর্ট বা টাকা না দেয়ার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিএমইটি ছাড়পত্রের জন্য আবেদনকারী এজেন্সিগুলোকে অনুমোদিত মেডিকেল সেন্টারে পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও ভিডিআর ভিসার কাগজপত্র জমা দিতে হবে।
নির্দেশনা অমান্যকারী মেডিকেল সেন্টার ও রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে মেডিকেল সেন্টারের কার্যক্রম বন্ধ, এজেন্সির বিদেশে কর্মী নিয়োগ স্থগিত এবং মন্ত্রণালয়ের অনুমোদন বাতিল করা হতে পারে।
অনুমোদনহীন মেডিকেল পরীক্ষা বা অনিয়মের তথ্য প্রমাণসহ secretary@probashi.gov.bd ঠিকানায় জানানোর অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।