কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে অন্যত্র সংযুক্তিতে থাকা ৭ চিকিৎসককে নিজ কর্মস্থলে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন তিনি।
বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতাল পরিদর্শনে ৫১ চিকিৎসকের মধ্যে ১২ জনকে অনুপস্থিত পাওয়া যায়। তাঁদের মধ্যে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন মন্ত্রী।
এ সময় হাসপাতালটি ১৫১ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন তিনি। পরিকল্পনা অনুযায়ী, ১০টি ডায়ালাইসিস মেশিন, প্রসূতিদের জন্য ২০ শয্যার ওয়ার্ড, নবজাতকদের জন্য ২০ শয্যার ব্যবস্থা, পৃথক ফিজিওথেরাপি সেবা ও ব্রেস্টফিডিং সেন্টার চালু করা হবে।
মন্ত্রী জানান, আগামী ১৫ থেকে ১৬ দিনের মধ্যে প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ১ নভেম্বর যোগ দিতে যাওয়া ৪৪৮ চিকিৎসকের মধ্য থেকে মুরাদনগর হাসপাতালে চিকিৎসক পদায়নের আশ্বাস দেন তিনি।
হাসপাতালের ব্যবস্থাপনায় উন্নতি দেখলেও বর্জ্য ব্যবস্থাপনা ও অপরিচ্ছন্ন পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। পাশাপাশি আগামী অর্থবছরের মধ্যে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার পরিকল্পনার কথাও জানান তিনি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।